নুসুক কার্ড কি ও এর প্রয়োজনীয়তা
নুসুক কার্ড হচ্ছে হাজী আইডেন্টিফিকেশন কার্ড। হজের ভিসা প্রাপ্ত প্রত্যেকটা হাজির নসুক কার্ড প্রাপ্তি তার অধিকার।
নুসুক কার্ড ছাড়া একজন হাজী সাহেব যেমন হজের মূল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না, একইভাবে কোন ব্যক্তি হজের পূর্বে হজ সিজনে মক্কা শহরে অবস্থান করতে পারবে না।
সৌদি আরবের বহির্বিশ্বের হাজী সাহেবগণ যখন সৌদি আরবে হজের বৈধ ভিসা নিয়ে প্রবেশ করেন, তখন তার পাসপোর্ট জেদ্দা বা মদিনা এয়ারপোর্ট জমা নিয়ে নেওয়া হয়। এবং এর বিপরীতে একটি আইডি কার্ড দেওয়া হয় যে আইডি কার্ডের মাধ্যমে তিনি বৈধ ভাবে মক্কা এবং মদিনা শহরে অবস্থান করেন এবং একই সাথে তার হজের কার্য সম্পাদন করেন। আর এই আইডি কার্ডটি কে নুসুক কার্ড বলা হয়।
নুসূক কার্ড কোথা থেকে সংগ্রহ করব?
মক্কায় পৌঁছানোর পর নসূক কর্তৃপক্ষ আপনার হোটেলে নসূক কার্ড পৌঁছে দেবে। অন্যথায় আপনার সার্ভিস অফিস অথবা বাংলাদেশ হজ মিশন অফিসে যোগাযোগ করে আপনাকে নসূক কার্ড সংগ্রহ করতে হবে।
নুসুক কার্ড কেন প্রয়োজন?
একজন মানুষের দেশের বাহিরে তার আইডেন্টিটি হচ্ছে তার পাসপোর্ট। যেহেতু হজের ক্ষেত্রে সৌদি আরবে প্রবেশ করা মাত্রই সৌদি হজ উমরাহ কর্তৃপক্ষ হাজী সাহেবদের পাসপোর্ট নিয়ে নেয়, তাই এর বিকল্প হিসেবে এই নুসূক কার্ডটি প্রদান করা হয়।
নুসূক কার্ড টি বিশেষভাবে তৈরি করা, যাতে কিউআর কোড বসানো থাকে। এই কিউআর কোড স্কেন করলে উক্ত ব্যক্তির ভিসা প্রদর্শিত হয়। একই সাথে হাজি সাহেবের হজ আদায় কালীন অবস্থান, মিনা আরাফার তাঁবুর লোকেশন বুঝা যায়।
নুসূক কার্ড ছাড়া কেউ হজের গুরুত্বপূর্ণ স্থান মাশায়ের (মিনা, আরাফাহ) এ প্রবেশ করতে পারবে না। সুতরাং নুসুক কার্ডের সঙ্গে রাখার কোনো বিকল্প নেই।
নুসুক কার্ড হারিয়ে গেলে করণীয় কি?
নুসূক কার্ড এর বিকল্প হয় না। তাই সর্ব প্রথম নুসূক কার্ড যেন না হারায় এজন্য সতর্ক থাকতে হবে এবং নুসূক কার্ড পাওয়া মাত্রই ছবি তুলে নিজের মোবাইল এবং অন্যদের মোবাইলে শেয়ার করে রাখতে হবে।
যেন প্রয়োজনের সময় মোবাইল থেকে তা দেখানো যায়। এতে তুলনামূলক কিছুটা বিব্রতকর পরিস্থিতি এড়ানো যাবে।
আর নুসূক কার্ড হারানোর সাথে সাথে অবশ্যই হজ গাইড বা এজেন্সির কর্তৃপক্ষ এবং সৌদি হজ সার্ভিস অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
নুসুক কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা
নুসুক কার্ড আপনার হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একমাত্র ডকুমেন্ট। অনুগ্রহ করে নিচের বিষয়গুলো গুরুত্বসহকারে লক্ষ্য করুনঃ
- নুসুক কার্ড ছাড়া হারাম শরীফে প্রবেশ করা যাবে না
- মক্কার বিভিন্ন স্থানে চলাচলের সময় বারবার চেক করা হয়
- কার্ড না থাকলে পুলিশি জিজ্ঞাসাবাদ বা সমস্যায় পড়তে পারেন
- হজ পারমিশন ও মাশায়ের (মিনা, আরাফা, মুযদালিফা) প্রবেশ এই কার্ডের উপর নির্ভরশীল
- কোন অবস্থাতেই কার্ড হারানো যাবে না
- কার্ডটি সাধারণত ফিতা দিয়ে গলায় ঝুলানো থাকে
- কখনোই ফিতা থেকে কার্ড খুলবেন না
- সবসময় গলায় বা নিরাপদ স্থানে রাখবেন
সতর্কতার বিষয় হল আপানি যেখানেই যান, নুসুক কার্ড সাথে রাখুন। এটি ছাড়া বাইরে বের হবেন না।আল্লাহ তাআলা আমাদের সকলের হজ কবুল করুন। আমীন ।
